চন্দ্রশিলা ছন্দা
গ্রামখানি পটে আঁকা কী দারুণ মায়াময়
ধুলো নেই ধোঁয়া নেই সবুজেও কথা কয়
আঁকাবাঁকা পথ যেন শুয়ে আছে অজগর
ঘরগুলো একচালা ছাউনিটা পাতা খড়
চিকমিক চিকমিক জোনাকি না চুমকি।
বাঁশঝাড় পেরিয়ে নদীপাড়ে রুমকি।
নদী জল টলটল নীলাকাশ ছুঁয়ে ওই
হাঁসগুলো জলে ছিলো, আয় আয় তই তই।
সন্ধ্যের তারাটি রোজ আসে পাহাড়ে
জ্বলজ্বলে উজ্জ্বল কী রূপ আহা রে।
টিম টিম কুপিবাতি আলোছায়া আঁধারে
ঝাড়বাতি জোনাকিতে এই মন বাঁধা রে।
গ্রামখানি পটে আঁকা নাম তার বিপাশা
দেখে দেখে জুড়ে চোখ মেটে না যে পিপাসা
০