ইত্তেফাক রিপোর্ট
ওয়েবিনার ফি বাবদ অর্থ বিদেশে প্রেরণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত সময় অনুযায়ী ভার্চুয়াল মিটিং পরিচালনার ক্ষেত্রে ওয়েবিনার ফি আগামী ডিসেম্বর পর্যন্ত বিদেশে পাঠানো যাবে। গত বছরে আগস্ট মাসে আলোচ্য ফি বাবদ অর্থ বিদেশে প্রেরণের সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে, যা গত মার্চ পর্যন্ত বলবত্ ছিল। গত বছরে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী প্রেরণকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তার নামে ভার্চুয়াল কার্ড কিংবা ওয়ান টাইম কার্ড ইস্যু করেও এ জাতীয় ফি প্রেরণ করা যাবে। রেমিট্যান্স প্রেরণের আগে অনুমোদিত ডিলার ব্যাংককে ফি পরিশোধ সম্পর্কিত ইনভয়েস এবং করাদি পরিশোধ ডকুমেন্ট গ্রহণ করতে হবে। এ সব নির্দেশনা অনুসরণের জন্য নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে। চলমান অবস্থার প্রেক্ষাপটে ভার্চুয়াল মিটিং পরিচালনার সুবিধার্থে ওয়েবিনার ফি প্রেরণের সময় আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক জন কর্মকর্তা জানিয়েছেন।