টাঙ্গাইল প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ অস্বাভাবিকহারে বৃদ্ধি এবং পবিত্র রমজানের কারণে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের ‘জামাইমেলা’ হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী বৈশাখীমেলা এবছরও হচ্ছে না। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলুল হক ও সদস্যসচিব আবুল হাশেম এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রসুলপুরে যুগ যুগ ধরে প্রতি বছর ১১ থেকে ১৩ বৈশাখ এই মেলা অনুষ্ঠিত হয়। সারা দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী মেলায় অংশ নেন। মেলাকে কেন্দ্র করে রসুলপুরের চারদিকের অন্তত ২৫-৩০টি গ্রামে উত্সব শুরু হয়। গ্রামের বিভিন্ন বাড়ির মেয়ে ও মেয়েজামাইসহ আত্মীয়স্বজন উপচে পড়ে প্রতিটি বাড়িতে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত বছরও এ মেলা অনুষ্ঠিত হয়নি।