আট বছরের জন্য নিষিদ্ধ হিথ স্ট্রিক

স্পোর্টস রিপোর্টার

আইসিসি দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের কারণে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬  থেকে ২০১৮ সালে জিম্বাবুয়ের হেড কোচ থাকাকালে ও বিভিন্ন ঘরোয়া দলের কোচ হিসেবে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের ঘটনায় জড়িত হন হিথ স্ট্রিক। ২০১৪ সালে নিয়োগ পেয়ে দুই বছর বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে বিভিন্ন সময় নানা ভূমিকায় দায়িত্ব পালনের সময় এসব কাজে জড়িয়েছিলেন তিনি। বিশেষ করে দলের ভেতরের তথ্য বাইরে সরবরাহ করেছেন।

আইসিসির আনিত অভিযোগগুলোর বিপরীতে নিজের দায় স্বীকার করেছেন স্ট্রিক। শাস্তিও মেনে নিয়েছেন ৪৭ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার। নিষিদ্ধ হওয়ার কারণে ২০২৯ সালের ২৮ মার্চের আগে ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন না তিনি।

স্ট্রিকের বিরুদ্ধে অভিযোগ অনেক। বড় অভিযোগ হলো, দলের ভেতরের তথ্য পাচার করা, যেখানে তিনি জানতেন বা জানা উচিত ছিল যে, এসব তথ্য জুয়াড়িদের প্রয়োজন ব্যবহূত হতে পারে। এমন কাজ করেছেন তিনি ২০১৮ সালে ঢাকায় শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে, ২০১৮ সালে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, ২০১৮ আইপিএল ও ২০১৮ আফগান প্রিমিয়ার লিগে।

বিভিন্ন সময়ে একজন জাতীয় দলের অধিনায়কসহ মোট চার ক্রিকেটারের সঙ্গে এক জুয়াড়ির সঙ্গে পরিচয় করান। ক্রিকেটারদের মুঠোফোন নাম্বার বাইরে পাচার করেছেন।

২০১৭ বিপিএল, ২০১৮ পাকিস্তান সুপার লিগ,

২০১৮ আইপিএল ও ২০১৮ আফগান প্রিমিয়ার লিগ ও বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে দুর্নীতির প্রস্তাব পেয়েও তা প্রকাশ না করার অভিযোগ রয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট, ১৮৯ ওয়ানডে খেলেছেন হিথ স্ট্রিক। দেশটির সর্বকালের সেরা বোলার ধরা হয় তাকে। অবসরের পর কোচিংয়ে যোগ দেন তিনি।