বরিশাল অফিস
দক্ষিণাঞ্চলের বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিত্সক সাদা মনের মানুষ হিসেবে পরিচিত কবিরাজ হোসেন মোল্লা (৯৭) আর নেই। বুধবার সকাল পৌনে ৭টায় বরিশালের উজিরপুরের জয়শ্রী এলাকায় নিজের প্রতিষ্ঠিত দাওয়াখানায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে এবং তিন স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১০টায় জয়শ্রীতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামে বাদজোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। হোসেন মোল্লার ছেলে আসাদুজ্জামান রিপন বলেন, স্বাধীনতার পর তার বাবা নিজের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে দান করেন; কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের মৌখিক অনুমতি দিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তিনি মাদার তেরেসা, স্বাধীনতা স্বর্ণপদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।