সোনারগাঁওয়ে আগুনে চার বসতবাড়ি ছাই

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবাবের। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে ৫০ হাজার টাকা সহায়তা দেন। এ সময় তিনি আরো সহযোগিতার আশ্বাস দেন।

এলাকাবাসীরা জানান, উপজেলা পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে বুধবার বেলা ২টার দিকে বাড়ির লোকজন ইফতারের প্রস্তুতিতে রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর বাড়ির লোকজনের চিত্কার শুনে স্থানীয়রা ছুটে আসে। মুহূর্তের মধ্যে পাশের জাহিদুল ও রাজা মিয়া তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি ঘরে থাকা মালামাল পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা রান্না ঘরের গ্যাস থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।