আশুলিয়ায় ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র?্যাব। মঙ্গলবার রাতে আশুলিয়ার নবীনগর ও কুমকুমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৪-এর সদস্যরা।  গ্রেফতারকৃতরা হলো—সেলিম মাতবর, সাকিম হোসাইন, রানা মিয়া ওরফে গোলাম রাব্বানী, আমিরুল ইসলাম সাগর, শাকিল সরকার ও ফাহিম মুন্সী।

র?্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ১৯ হাজার ৩২৮ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন যাবত্ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ নেশাজাতীয় মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।