বিশেষ প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মাওলানা আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক। বুধবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে অত্যন্ত সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ড. হাছান। এ সময় পবিত্র রমজান ও বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষ্যে তিনি নতুন বছরে দেশ ও সমগ্র বিশ্বের করোনা মুক্তি কামনা করেন।
সাম্প্রতিক প্রসঙ্গে সাংবাদিকরা হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মাওলানা আল্লামা আহমদ শফী হত্যা মামলায় বাবুনগরী ও মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্যাতনের মাধ্যমে মাওলানা শফীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।’ তিনি বলেন, ‘নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিষয়টি স্পষ্ট। তখনকার পত্র-পত্রিকায় এ বিষয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছিল উল্লেখ করে ড. হাছান বলেন, ‘হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শতবর্ষী মাওলানা শফীর চরম অসুস্থতাকালে তার কক্ষ ভাঙচুর করা, হাসপাতালে নেওয়ার পথে এক ঘণ্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা—এ সবই সবাই দেখেছে।’