বিশেষ প্রতিনিধি
পবিত্র রমজান মাসে মহাসসড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুলিশপ্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ। একই সঙ্গে তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে ১৪-২১ এপ্রিল পর্যন্ত সরকারি বিধিনিষেধ কঠোরভাবে পালনের জন্য পুলিশের সব ইউনিটপ্রধানকে নির্দেশনা দেন। মঙ্গলবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে তিনি পুলিশের সব ইউনিটকে এ নির্দেশনা দেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইজিপি বলেন, ‘সরকারি বিধিনিষেধ চলাকালে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যা?বেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাশ নিয়ে চলাচল করবেন। জরুরি কাজে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সঙ্গে সরকারি বিধিনিষেধ প্রতিপালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশপ্রধান।
ড. বেনজীর আহমেদ বলেন, বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের বিশেষ পরিবহন ব্যবস্থাপনায় শ্রমিকরা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারবেন বলে সভায় জানান আইজিপি।