ক্রমাগত রূপ পাল্টাচ্ছে ব্রাজিলে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসটি। এটি আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। ব্রাজিলের মানাউস শহরের জনস্বাস্থ্য ইন্সটিটিউট (ফিওক্রুজ) সম্প্রতি এ গবেষণা চালিয়েছে বলে জানা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানা গেছে। দেশটিতে পাওয়া করোনার ধরনটির নাম হলো 'পি১'। দেখা গেছে যে পি১ ধরনটি ক্রমাগত পরিবর্তিত (মিউটেশন) হচ্ছে। এর ফলে ভাইরাসটি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা আছে।
এই গবেষণায় আরও দেখা গেছে, ভাইরাসের 'পি১' ধরনটি প্রকৃত ধরনটির তুলনায় আড়াই গুণ বেশি ছোঁয়াচে। অর্থাৎ ব্রাজিলে পাওয়া করোনার ধরনটি দ্রুত ছড়াতে সক্ষম এবং একই সঙ্গে অ্যান্টিবডির বিরুদ্ধে এর সহনশীলতাও বেশি।
গবেষক দলের অন্যতম সদস্য ফেলিপে নাভেচা বলেন, আমরা মনে করছি, এই পরিবর্তনের মধ্য দিয়ে ভাইরাসটি অ্যান্টিবডির প্রতিক্রিয়া থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। এই পরিবর্তনের কারণে করোনার ওই ধরনটি টিকাপ্রতিরোধী হয়ে উঠতে পারে।
তিনি বলেছেন, টিকার কার্যকারিতা কমে যায় কি না, সে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ভাইরাসটির 'পি১' নামের ধরনটি খুব দ্রুত বিবর্তিত হচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে।
ইত্তেফাক/এএইচপি