খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনার কোনো উপসর্গ নেই। অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার রিপোর্টও সব ভালো এসেছে বলে জানিয়েছেন তার চিকিত্সকেরা। গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিত্সা চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন ভালো আছেন। গতকাল বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এক ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিত্সক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে তাকে সিটি স্ক্যান করানোর  জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, রমজানে প্রতিদিন কোরআন তেলাওয়াত আর ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। আপনারা উনার জন্য দোয়া করবেন। রমজান মাস। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত।

এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও পাকিস্তানের হাইকমিশন ইমরান আহমেদ সিদ্দিকী চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার জাপানের রাষ্ট্রদূত এবং বুধবার পাকিস্তানের হাইকমিশনার এ চিঠি পাঠান। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুর সাত্তার এ তথ্য জানান।