গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গাইবান্ধা : কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশা আরোহী একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হয়েছেন। গত বুধবার ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০), তার মা রেহেনা বেগম (৫০), তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫), তার শ্যালক ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাহিদ মিয়া (২০) এবং অটোচালক পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের লেবু মিয়া (৩০)। আনিছুর রহমানের অসুস্থ শিশুকে ডাক্তার দেখিয়ে গোবিন্দগঞ্জ থেকে কালীতলা বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
ময়মনসিংহ : ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাসেল মৃধা (৩৭) নামে সড়ক ও জনপথ বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি বরিশাল। গতকাল ময়মনসিংহের শম্ভুগঞ্জ স্বপ্না মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সিলেট হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের ছায়েদ মিয়া (৩০) ও একই এলাকার রহমত আলী (৩৭)। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লীবিদ্যুত্ পাওয়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা : সদর উপজেলার আবালপুর ও রামনগর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার আবালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নসিমনচালক ধাক্কায় হাকিম মোল্যার (২৬) মৃত্যু হয়। অন্যদিকে মঙ্গলবার সদর উপজেলার রামনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম (৩০) নিহত হয়। শফিকুল মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের বিশ্বাসপাড়ার বাসিন্দা।
ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর : মহেশপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল চালক মো. আসাদুজ্জামান (৪০) নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের বাসিন্দা। গতকাল উপজেলার শিশুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।