করোনার জন্য তিন দফার ভোট এক দিনে করার আহ্বান মমতার

ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো দুই প্রার্থী। এই অবস্থায় শেষ তিন দফার ভোটগ্রহণ এক দিনে করার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।  গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, শেষ তিন দফার ভোট এক কিংবা দুই ?দিনে করা হোক। যদিও গতকাল এক জরুরি বৈঠকের পর ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, একসঙ্গে ভোটগ্রহণ করতে হলে দেড় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। তার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই তিন দফার ভোট একসঙ্গে করার কোনো সম্ভাবনা নেই। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে একই কথা জানিয়েছেন।

এরপরই টুইট করে মমতা ব্যানার্জি বলেন, কোভিড পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি বাকি দফাগুলোর ভোটগ্রহণ একসঙ্গে হোক। যদিও প্রস্তুতি ছাড়া বাকি দফার ভোটগ্রহণ একসঙ্গে করার বিরুদ্ধে বিজেপি এবং সিপিএম, জাতীয় কংগ্রেস, আইএসএফ (?ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) জোট।

নির্বাচন চলাকালে জনসভা, রোড-শো হচ্ছে। তাতে করোনা সংক্রমণের সম্ভাবনা বাড়ছে। এ নিয়ে আজ শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বাকি চার দফার প্রচারণায় কোনো পরিবর্তন আনা যায় কি না, তা নিয়ে আলোচনা হতে পারে ঐ বৈঠকে। সিপিএম অবশ্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে আর কোনো বড় জনসভা কিংবা জমায়েত করে রোড শো করবে না। এর পরিবর্তে ৪৫ জনের ছোট ছোট দল করে এলাকাভিত্তিক এবং অনলাইনে প্রচার করবে।

মোদির জনসভা নিয়ে কড়াকড়ি

করোনা সংকটকালে পশ্চিমবঙ্গে তিন দফায় ছয়টি জনসভা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ এপ্রিলও তার দুটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এই সমাবেশ ঘিরে চিন্তিত বিজেপি। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে জনসভা করা যায়, তা নিয়ে তারা পর্যালোচনা শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সংস্পর্শে যারা আসবেন, তাদের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করানো হয়। এ ব্যাপারে আরো কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার পশ্চিমবঙ্গের যাবতীয় প্রচারণা কর্মসূচি বাতিল করা হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় কংগ্রেসের সামসেরগঞ্জ আসনের প্রার্থী রেজাউল হক। দুই দিন আগে তিনি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী, গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি করোনা আক্রান্ত হয়েছেন।

পশ্চিমবঙ্গ ভাগের চক্রান্ত বিজেপির:রাহুল গান্ধী

বুধবার পশ্চিমবঙ্গে নকশালবাড়ি এবং গোয়ালপোখরেতে দুটি জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের চক্রান্ত করছে। বিজেপি ক্ষমতায় এলে গোটা রাজ্য জ্বলবে। সাম্প্রদায়িক শক্তির আগুনে পশ্চিমবঙ্গকে ধ্বংস করবে। বিজেপি ভারত এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য ভয়ংকর। বিজেপি জিতলে পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না।