বাদাম বিক্রেতার ছেলের মেডিক্যালে ভর্তির দায়িত্ব নিলেন আব্দুর রহমান

চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে বাদাম বিক্রেতার ছেলে ভুপেন্দ্র অধিকারী। কিন্তু অর্থাভাবে তার মেডিক্যাল কলেজে ভর্তিতে দেখা দিয়েছিল চরম অনিশ্চয়তা। মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার মতো কোনো টাকা-পয়সা নেই তার পরিবারের। এ বিষয়টি গণমাধ্যম ও স্থানীয় ছাত্রলীগ নেতাদের মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের দৃষ্টিগোচর হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভুপেন্দ্রের মেডিক্যালে পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন।

জানা গেছে, ভুপেন্দ্র নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মতিলাল অধিকারী ও বাসন্তী অধিকারীর সাত সন্তানের মধ্যে পঞ্চম। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। বড় দুই ভাই রিকশা চালান। ভুপেন্দ্রর বাবা মতিলাল অধিকারী একজন বাদাম বিক্রেতা এবং মা গৃহিণী। এত দিন তার বাবা বাদাম বিক্রি করে ভূপেন্দ্রর পড়াশোনার খরচ চালিয়েছেন। এখন বয়স হওয়ায় বাদামের ব্যবসা করার সক্ষমতাও তার আর নেই। পরে এ বিষয়টি গণমাধ্যম ও স্থানীয় ছাত্রলীগ নেতাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতা আবদুর রহমানের নজরে আসে। এরপর তিনি ভিডিওর মাধ্যমে ভুপেন্দ্র ও পরিবারের সঙ্গে কথা বলে তার মেডিক্যালে ভর্তির যাবতীয় দায়ভার নেন।

মতিলাল অধিকারীকে আবদুর রহমান বলেন, আপনাদের অনেক কষ্টের বিনিময়ে আপনাদের ছেলে মেডিক্যালে চান্স পেয়েছে। এজন্য আপনাদের অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আপনারা ভাববেন না, ওর মেডিক্যালে পড়াশোনার যাবতীয় দায়িত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আমি নিলাম। শুধু তাকে নিয়মিত পড়াশোনাটা করতে বলবেন।

ভুপেন্দ্রে অধিকারী এ সময় তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতা আবদুর রহমানের কাছে চিরকৃতজ্ঞতার কথা জানান।