আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ বা খোলা রাখা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আশা করব তিনি আদালত বন্ধ বা খোলা রাখার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মতিন খসরু প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি একজন মেধাবী এবং অত্যন্ত প্রজ্ঞাবান আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। জানি না এই শূন্যতা পূরণ হবে কি না। বঙ্গবন্ধু হত্যা মামলার সময় তিনি তখন মন্ত্রী ছিলেন, কাজ শেষ করে তিনি সন্ধ্যাবেলা আসতেন, আমাদের কাজ শেষ হলে তিনি বাড়ি ফিরতেন। ১৯৯৬ সালে ইনডেমনিটি আইন বাতিলের সময় তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা আজও স্মরণীয়। সেদিন তার বক্তব্যে দেশের মানুষ কেঁদেছে।