বিশ্বে সাতদিনে আক্রান্ত ৪৫ লাখ মারা গেছে ৭৬ হাজার

করোনা মহামারি কমেনি। বরং বেড়েছে। সাতদিনে করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। টিকাকরণ শুরু হওয়ার পর ধারণা করা হয়েছিল সংক্রমণ কমে যাবে। কিন্তু বাস্তবতাটা ভিন্ন। ৫ থেকে ১১ এপ্রিল এই এক সপ্তাহে গোটা বিশ্বে নতুন করে সংক্রমিত ৪৫ লাখ মানুষ। মারা গেছে ৭৬ হাজার।

সংক্রমণ প্রায় ৭ শতাংশ বেড়েছে। সংক্রমণ বৃদ্ধিতে প্রথম পাঁচে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, তুরস্ক এবং ফ্রান্স। গোটা বিশ্বে এভাবে একসঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি অন্যতম কারণ, করোনার নতুন ধরণ। ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ব্রিটেনের অতিসংক্রামক বি.১.১.৭ ভেরিয়্যান্ট। দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা মেলে বি.১.৩৫‘। এখন অন্তত ৮২টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। পি.১ প্রথম চিহ্নিত হয়েছিল ব্রাজিলে। বর্তমানে এই ব্রাজিল ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে অন্তত ৫২টি দেশে। বহু ক্ষেত্রে নতুন স্ট্রেনে টিকা কাজে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। -আনন্দবাজার পত্রিকা