হোয়াইট হাউসে জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা'র সঙ্গে বৈঠক থেকে চীনকে সতর্কবার্তা দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৬ এপ্রিল) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। আজই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাগ্রহণের পর বাইডেনের সঙ্গে এটাই হবে প্রথম কোনও বিশ্বনেতার সশরীরে সাক্ষাৎ। বৈঠকে স্বাভাবিকভাবেই দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, তবে সেখানে বিশেষভাবে গুরুত্ব পাবে চীন ইস্যু।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, বৈঠকে দুই নেতা করোনাভাইরাস মহামারি, বাইডেনের উত্তর কোরিয়া নীতি, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, জলবায়ু সংকট, প্রযুক্তি এবং চীনের সঙ্গে সম্পর্ক বিষয়ে আলোচনা করবেন। তবে চীনই তাদের অন্যতম প্রধান আলোচ্য ইস্যু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জাপান শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা, উত্তেজনা প্রশমিত করা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণের জন্য সতর্ক ভূমিকা নেয়ার চেষ্টা করছে। এ কর্মকর্তা আরো বলেন, আমরা সুস্পষ্ট বার্তা পাঠানোর চেষ্টা করছি যে, চীন তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশের মতো সাম্প্রতিক যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো শান্তি ও স্থিতিশীলতার বিরোধী।
ইত্তেফাক/এসএ