পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম সাময়িকভাবে বন্ধ

পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) আজ শুক্রবার (১৬ এপ্রিল) টুইটার, ফেসবুক, হোয়াটসএপ, ইউটিউব এবং টেলিগ্রাম বন্ধ করেছে। আজ সকাল ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এসব বন্ধ থাকবে পাকিস্তানে।

শুক্রবার দুপুরে এসব খবর দিয়েছে পাকিস্তানের পত্রিকা ডন। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পিটিএকে নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্থগিতের কোনও কারণ উল্লেখ করা হয়নি তবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) এর বিক্ষোভের কারণে দেশে বেশ কয়েকদিনের অশান্তির পরে এই আদেশ এসেছে।

এর আগে, বৃহস্পতিবার জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে ওই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। দেশটির মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত সোমবার চরমপন্থী ইসলামিক দল টিএলপি নেতা সাদ হুসাইন রিজভীকে আটকের পর থেকেই বিক্ষোভ করছে দলটির কর্মীরা। লাহোরের পুলিশ প্রধান গোলাম মেহমুদ দোগার এক হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তা মারা গেছেন, এছাড়া আহত হয়েছেন আরো ১২৫ জন।

ইত্তেফাক/এসএ