আবারো সেই ত্রয়ী একসঙ্গে

বিনোদন রিপোর্ট

 

সালাউদ্দিন লাভলু, বৃন্দাবন দাস ও চঞ্চল চৌধুরী, এই ত্রয়ী জুটি আবারো একাট্টা হচ্ছেন এবারের ঈদে। ঈদের একটি একক নাটকে থাকছেন তারা। নাটকের নাম ‘বায়ুচড়া’।

উল্লেখ্য, বাংলা টিভি নাটকে এই ত্রয়ী জুটি প্রচলিত ফর্ম ভেঙে ভাঁড়ামি মুক্ত বিনোদন দিয়েছেন দীর্ঘসময়। দর্শকদের রুচিশীল কাজ উপহার দিয়েছে। বিশেষ করে মফস্বল বা গ্রামীণ পটভূমির নাটকে এই ত্রয়ী জুটির কোনো তুলনা নেই। আর অভিনয়ে চঞ্চল চৌধুরী তো তরুণদের কাছে এখন অভিনয়ের আদর্শ।

‘বায়ুচড়া’ নাটকটি প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু বলেন, ‘আমরা আমাদের মতো করেই নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছি। কারণ আমরা তো বরাবরই মৌলিক। বরং আমাদের পরে অনেকেই আমাদের মতো করে নাটক নির্মাণ করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছে। দর্শকরা দারুণভাবে এনজয় করবে আমাদের কাজটি, এটুকু বলতে পারি।’

বৃন্দাবন দাস বলেন, ‘আমরা প্রতিটি কাজেই ভিন্নতা আনার পাশাপাশি একটি সামাজিক বার্তা ও বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। এই কাজটিও তেমনই একটি। ঈদে বিনোদনের পাল্লা ভারি করবে নাটকটি। বর্তমানে অনেকেই আমাদের নাটকে অনুপ্রাণিত হচ্ছেন। এটা দেখলে ভালো লাগে, তবে খারাপ লাগে কপি করে যদি ভাঁড়ামো যোগ করেন।’ ‘বায়ুচড়া’ নাটকটি ঈদের দিন চ্যানেল আইতে রাত ৮টায় প্রচার হবে।

এদিকে চঞ্চল চৌধুরী টিভি নাটকে যেমন অনবদ্য, বাংলা চলচ্চিত্রেও দেখিয়েছেন নতুন কিছু। আর বর্তমানে ওটিটি প্লাটফর্মেও মুগ্ধতা ছড়াচ্ছেন। তাই চঞ্চল চৌধুরীর নাটক মানে এখন কোয়ালিটি নাটকের একটি মানদণ্ডে পরিণত হয়েছে ।