বিনোদন রিপোর্ট
প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত ৮ এপ্রিল ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয়। অবস্থা খারাপ হলে ১২ এপ্রিল তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তার ছেলে ইমাম জাফর নোমানী। তবে তিনি এখন ভালো আছেন এবং তার জ্বর নেই বলে জানিয়েছেন তার ছেলে।
গতকাল ইমাম জাফর নোমানী বলেন, ‘আমার মায়ের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। ভালোভাবেই রিকভার করছেন। তিনি ভালো আছেন, মায়ের শরীরে এখন জ্বর নেই। তবে ডাক্তার বলেছেন ফুসফুস আক্রান্ত হওয়ায় সুস্থ হতে কিছুটা সময় লাগবে। দু-তিন দিনের ভেতরে তার আবার করোনা টেস্ট করানো হবে। সেই পরীক্ষায় নেগেটিভ এলেই মাকে বাসায় নিয়ে যেতে পারবো।’
উল্লেখ্য, ১৯৫৪ সালের নাটোর জেলায় জন্ম নেওয়া এই গুণী শিল্পী লালনসংগীত গেয়ে দেশ ছেড়ে বিদেশেও খ্যাতি অর্জন করেছেন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।