বিনোদন ডেস্ক
নিজের ক্যারিয়ারে প্রথম হরর কমেডি সিনেমা ‘রুহি’র মুক্তির পরই যেন আকাশে উড়ছেন বলিউড তারকা জাহ্নবি কাপুর। করোনার দ্বিতীয় ঢেউ চলার মাঝেই গত ১১ মার্চ মুক্তি দেওয়া হয় সিনেমাটি। মুক্তির মাত্র ২২ দিনেই করোনাকালীন সিনেমা হিসেবে বক্স অফিসে ২৩.২৫ কোটি আয় করেছে রুহি। যা এই করোনাকালীন মুক্তি পাওয়া হিন্দি সিনেমাগুলোর ভেতরে সর্বোচ্চ! তারপরেই রয়েছে ‘মুম্বাই সাগা’ সিনেমাটি। এই সিনেমাটি এরইমধ্যে আয় করেছে ১৭ কোটি। শুধু তাই নয়, মাত্র ৭ দিনে নেটফ্লিক্সে শীর্ষ অবস্থানে গিয়ে প্রমাণ করেছে মানুষের কতটা আগ্রহ সিনেমাটি ঘিরে রয়েছে। যদিও নেটফ্লিক্সের মুভি হিসেবে ভারতে ‘গডজিলা ভার্সেস কং’ আয়ে শীর্ষে রয়েছে। সিনেবোদ্ধারা মনে করছেন সিনেমাটি আরো রেকর্ড গড়তে চলেছে। কারণ তারকা ঠাসা সিনেমা মুম্বাই সাগাকে পেছনে ফেলে শীর্ষ আয়ে থাকা এবং নেটফ্লিক্সের মতো প্লাটফর্মে শীর্ষস্থান দখল তেমনই ইঙ্গিত দেয়। এমন সাফল্যে সিনেমাটির নায়িকা বেশ ফুরফুরে মেজাজে এরইমধ্যে ছটি কাটিয়ে দেশে ফিরেছেন। সিনেমাটির সাফল্যে জাহ্নবি বলেন, ‘ক্যারিয়ারে প্রথম এমন চরিত্রে অভিনয় করেছে। শুটিং করতে গিয়ে অনেক ভয় কাজ করেছে। তবে শেষ অবধি দর্শকরা আমার কষ্টের দাম দিয়েছে। কৃতজ্ঞ তাদের প্রতি। তারা আসলে প্রিয় তারকাদের নানারূপে দেখতে চান। এটা তারই প্রমাণ।’ তবে এত এত সাফলের মাঝেও কিছুটা মন খারাপ এই অভিনেত্রীর। ২০১৯ সালে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে শুরু করা ‘দোস্তানা টু’ ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কার্তিক। প্রথম লটের শুটিং শেষ হলেও দ্বিতীয় লটের শুটিং শুরুর সময়ই নিজেকে সরিয়ে নিলেন তিনি। প্রযোজক-পরিচালকের অপেশাদারিত্ব, সিডিউল ও স্ক্রিপের সঙ্গে কাজের মিল না থাকায় সিনেমাটিতে আর থাকছেন না তিনি। এ নিয়ে জাহ্নবি বলেন, ‘কেন কার্তিক নিজেকে সরিয়ে নিয়েছে জানি না। এটা তার নিজের বিষয়। তবে মাঝ পথে এমন খবর খুবই হতাশার। কার্তিক থাকলে নিশ্চয় আরেকটি সাফল্য ধরা দিতো।’