লকডাউন না মানায় বিভিন্ন স্থানে জেল-জরিমানা

ইত্তেফাক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় বিভিন্ন স্থানে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ময়মনসিংহ : ময়মনসিংহে লকডাউনে অমান্য করায় ১১৮ মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, লকডাউনে দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১৮ মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানা, মাস্ক পরিধান না করা, সড়ক পরিবহন আইনলঙ্ঘন করা এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখার অভিযোগে মোট ২৩টি মামলায় ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, অভিযানে সার্বিক সহযোগিতা করেন র?্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম ও শায়েস্তাগঞ্জ থানাপুলিশ।

তিতাস (কুমিল্লা) : তিতাসে লকডাউনের তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাতাকান্দি বাজার ও উপজেলা সদর কড়িকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তার।

বরিশাল :বরিশালে শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে পাঁচ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। নগরীর রুপাতলী, সাগরদী বাজার, কাশিপুর বাজারে লকডাউন না মেনে দোকান খোলা রাখায় তিনটি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। অপরদিকে চকের পুল ও সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। তিনি স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ ব্যক্তিকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।

নাটোর : নাটোরে লকডাউন অমান্য করায় তিন জনকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর নীচা বাজার ও স্টেশন বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের বিশেষ অপারেশন দল। তারা স্কোয়াড কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল আহম্মেদ মাক্স পরিধান না করা, সরকারি আদেশ অমান্য করা এবং ওজনে কম দেওয়ার অপরাধে তিন জনকে ১ হাজার টাকা জরিমানা করেন।