বরিশাল অফিস
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ৬২ ভাগ। এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার রাতের রিপোর্ট) ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৮ ভাগ। গত মঙ্গলবার রাতের রিপোর্টে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৪৭ দশমিক ৩১ ভাগ। গত বছরের ৮ মে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর এটাই ছিল সর্বাধিক সংক্রমণ। যদিও গত তিন দিনে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে শনাক্তের হার দুই তৃতীয়াংশ কমেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক জন করোনা পজিটিভ রোগীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময় সুস্থ হয়েছেন ২৪ জন। একই সময়ে করোনাসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৫ জন রোগী। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন ১৫৬ জন রোগী। যার মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ৩৪ জন। করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউতে মুমূর্ষু রোগী চিকিত্সাধীন। আরো কয়েক জন মুমূর্ষু রোগী অপেক্ষমাণ আছেন আইসিইউ সেবা পেতে। কিন্তু বেড খালী না থাকায় আইসিইউ সেবা বঞ্চিত হচ্ছেন তারা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জে খান স্বপন এসব তথ্য নিশ্চিত করেছেন।