আগৈলঝাড়ায় চিকিত্সকসহ আরো তিন জনের করোনা শনাক্ত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালের চিকিত্সক, সরকারি কর্মকর্তাসহ আরো তিন জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। শুক্রবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা থেকে ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে পরীক্ষার ফলাফলে তিন জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে।