আইপিএলের চলমান আসরে আর খেলা হচ্ছে না বেন স্টোকসের। আঙুলের চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এ ইংলিশ অলরাউন্ডার। চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসকে। তাই আজই ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি। গত সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরা সময় আঙুলের ব্যথা পান। পরে রাজস্থানের পক্ষ থেকে বলা হয়েছিল আর কোনো ম্যাচ না খেললেও স্টোকস দলের সঙ্গেই থাকবেন। তবে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, স্টোকসের বাঁ হাতের তর্জনীতে অস্ত্রোপচার করাতে হবে। এবং তার পুরোপুরি সেরে উঠতে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। আজই ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা স্টোকসের। একদিন পর লিডসে হবে তার অস্ত্রোপচার। আগামী জুনে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না স্টোকস। জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও তিনি ফিরতে পারে যদি সময়মতো সেরে উঠতে পারেন।