রাউজানে আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ

ফেসবুকে স্ট্যাটাসের জের

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাউজানে কমল চক্রবর্তী নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাসের জেরে পঙ্কজ ভট্টাচার্য নামের এক আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে ঘটনাটি ঘটে। কমল চক্রবর্তী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। অন্যদিকে পঙ্কজ ভট্টাচার্য ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ভুক্তভোগী পঙ্কজ ভট্টাচার্য বলেন, পহেলা বৈশাখে নববর্ষ উপলক্ষ্যে ফেসবুকে ছবি সহকারে একটি পোস্ট করি। কমলকে আমার পছন্দ নয় বিধায় ছবিতে তার মুখ আড়াল করে দিয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু বৃহস্পতিবার সকালে মাংস কিনতে দোকানে গেলে অনেকের উপস্থিতিতে কমল ক্রিকেট স্ট্যাম্প দিয়ে অতর্কিত আঘাত করেন এবং ফেসবুকে এমন ছবি দিয়েছি বলে কিলঘুষি মারতে থাকেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কমল চক্রবর্তী বলেন, আমি তাকে চড়-থাপ্পড় দিয়েছি এটা ঠিক কিন্তু স্ট্যাম্প দিয়ে আঘাত করিনি। তিনি আরো বলেন, পঙ্কজ ভূমি দখল, মাদক বিক্রিসহ নানা অপরাধের কারণে এলাকাছাড়া ছিল। এমন অপকর্ম আর করবে না মর্মে আমি তাকে রাজনীতিতে এনেছি। পঙ্কজ পুনরায় আগের অপকর্মে জড়িয়ে যাওয়ায় আমি তাকে এড়িয়ে চলি। সে নববর্ষ উপলক্ষ্যে যে ছবি পোস্ট করেছে তাতে আমার চেহারা আড়াল করায় আমি অপমানবোধ করছি। তাই ক্ষোভে তাকে চড়-থাপ্পড় দিয়েছি।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।