মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও টেস্টিং কিটে নতুন তারিখ দিয়ে বিক্রি!

সিন্ডিকেটের শীর্ষ কর্মকর্তাসহ গ্রেফতার ৯

ইত্তেফাক রিপোর্ট

অননুমোদিত মেডিক্যাল ডিভাইস আমদানি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মেডিক্যাল টেস্টিং কিট এবং রি-এজেন্টে জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাতকরণের অভিযোগে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানে র্যাব অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় র্যাব বিপুল পরিমাণ অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল টেস্ট কিট ও রি-এজেন্ট জব্দ করেছে। গতকাল শুক্রবার র্যাব লালমাটিয়ায় বায়োল্যাব ইন্টারন্যাশনাল, তাদের সহযোগী প্রতিষ্ঠান বনানী থানা এলাকায় অবস্থিত এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিস ও হাইটেক হেলথ কেয়ার নামে তিনটি প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিদের সহযোগিতায় অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন, বায়োল্যাব ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শামীম মোল্লা, ম্যানেজার শহীদুল আলম, এক্সন টেকনলজিস অ্যান্ড সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, হাইটেক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এস এম মোস্তফা কামাল, বায়োল্যাবের টেকনিশিয়ান আবদুল্লাহ আল বাকী ছাব্বির, জিয়াউর রহমান, সুমন, জাহিদুল আমিন পুলক ও সোহেল রানা।

র্যাব জানায়, প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ এবং সহসা মেয়াদোত্তীর্ণ হবে এরূপ টেস্ট কিট ও রি-এজন্টে দেশি-বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের কাছ থেকে অতি স্বল্পমূল্যে সংগ্রহ করে পুনরায় তাতে বর্ধিত মেয়াদের তারিখ বিশেষ যন্ত্রের সাহায্যে মুদ্রণ বা টেম্পারিং করে বাজারজাত করে আসছিল। পাশাপাশি বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় টেস্ট কিট এবং রি-এজেন্টও তারা নিয়মিতভাবে সরবরাহ করে আসছিল, যেমন—জন্ডিস, ডায়াবেটিস, নিউমোনিয়া, করোনা, ক্যানসার প্রভৃতি রোগসহ অন্যান্য প্যাথলোজিক্যাল টেস্টের জন্য যে সব কিট ব্যবহূত হয়ে থাকে। এমন কি ‘এইডস’ রোগ নির্ণয়ের জন্য নির্ধারিত প্যাথলোজিক্যাল টেস্ট কিট ও রি-এজেন্টও রয়েছে এই তালিকায়, যা তাদের সংরক্ষণে মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়।

র্যাবের জিজ্ঞাসাবাদে এই তিনটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা জানান, ২০১০ সাল থেকে এই প্রতিষ্ঠানগুলো একাধিক নামে সংগঠিত হয়ে পারস্পরিক যোগসাজশে, অবৈধভাবে ও অসত্ পন্থায় আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে মানহীন ও স্বল্প মেয়াদের টেস্ট কিট এবং রি-এজেন্টসমূহ বিদেশ থেকে আমদানি, সংরক্ষণ ও দেশব্যাপী বাজারজাতকরণ করতেন, যা সরবরাহ করার পর্যায়েই বস্তুতঃ মেয়াদোত্তীর্ণ হয়ে যেত।