করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাই রেজুলেশন সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়েছেন তার চিকিত্সক দল। গতকাল শুক্রবার ভোর রাতে এভার কেয়ার হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর তত্ক্ষণাত্ ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে বসেন চিকিত্সকেরা। তারা সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার চিকিত্সায় নতুন একটি ওষুধ যুক্ত করেন। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাসায় রেখেই চিকিত্সা চলবে। খালেদা জিয়ার চিকিত্সক টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরেই সেহরির আগে চিকিত্সক টিমের সদস্যরা, বৃহস্পতিবার মধ্যরাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত মেডিক্যাল পর্যালোচনা সভায় খালেদা জিয়ার চিকিত্সক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সাকুর খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মামুন, লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান ও নিউ ইয়র্ক থেকে একজন চিকিত্সক অংশগ্রহণ করেন। ঐ পর্যালোচনার পর বেগম জিয়ার জন্য একটি নতুন ওষুধ যুক্ত করার সিদ্ধান্ত হয়। নতুন গৃহীত চিকিত্সায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি আছে বলে জানা গেছে চিকিত্সক টিমের সূত্রে। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন হাসপাতালে যেতে না চাওয়ায় বাসাতে রেখেই চিকিত্সা চলবে। তার শারীরিক অবস্থার ওপর আমাদের নিয়মিত পর্যবেক্ষণ চলছে। ঘণ্টায়-ঘণ্টায় আমরা আপডেট নিচ্ছি। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হওয়ায় পরবর্তী চিকিত্সার বিষয়টিও আমাদের গ্রহণ করা আছে। প্রসঙ্গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয় খালেদা জিয়ার। এ দিন রাত ১১টার দিকে সিটি স্ক্যান শেষে তিনি বাসায় ফেরেন। সিটি স্ক্যানের রিপোর্টে শারীরিক অবস্থা স্থিতিশীল আসে। ফাইনাল রিপোর্টেও তাই এসেছে।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে মসজিদে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন খতম এবং দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। রাজধানী ছাড়াও জেলাগুলোতে এই দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সাধারণ মুসল্লিরা। খুলনার বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে খালিশপুর থানার ১১৯টি, দৌলতপুর থানার ৭০টি এবং খানজাহান আলী থানার ৫০টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় খুলনা মহানগরী বিএনপি, তিন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ এলাকার স্ব স্ব মসজিদে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করেছেন বিএনপি নেতা মো. মামুন বিন আব্দুল মান্নান। ময়মনসিংহের নান্দাইলে একটি ষাঁড় জবাই করে মামুনের পক্ষে গোশত স্থানীয় গরিব, দুস্থ মানুষ ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। ময়মনসিংহ-৯ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন আছেন, এছাড়াও তিনি নানাবিধ অসুস্থতায় ভুগছেন। তার সুস্থতা কামনা করে তার জানের সদকা হিসেবে একটি গরু জবাই করে স্থানীয় দরিদ্র মানুষ ও এতিমখানায় বিতরণ করা হয়।