প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। উইন্ডসর ক্যাসলে তার শেষকৃত্যে অংশ নেবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য, তিন জন জার্মান আত্মীয়সহ ৩০ জন। প্রিন্স ফিলিপের কফিনের পাশে হাঁটবেন তার চার সন্তান প্রিন্স চার্লস, অ্যান্ড্রু, এডওয়ার্ড ও প্রিন্সেস অ্যান। শবযানের পেছনে হাঁটবেন প্রিন্স ফিলিপের দুই নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারিও। তবে এই দুই ভাইয়ের মধ্যে দূরত্ব থাকবে। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, দুই ভাইয়ের মধ্যে যে তীব্র বিরোধ রয়েছে—সেটি শেষকৃত্যের অনুষ্ঠানে আরো স্পষ্ট হবে।
প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানের বিস্তারিত বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস প্রকাশ করে। একটি ল্যান্ড রোভারে করে প্রিন্স ফিলিপের কফিন উইন্ডসর ক্যাসল থেকে সেইন্ট জর্জ চ্যাপেলে নিয়ে যাওয়া হবে। সেখানেই অনুষ্ঠিত হবে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া। প্রায় ১৫ বছর আগে ল্যান্ড রোভার গাড়ির নকশাটি তৈরিতে সাহায্য করেছিলেন ডিউক অব এডিনবার্গ নিজেই।
শেষকৃত্যের অনুষ্ঠানে অতিথিরা মেডেলসহ শোক পোশাক পরবেন। তাবে কেউ সামরিক পোশাক পড়বেন না। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সবার মুখে মাস্ক থাকবে ও সবাই সামাজিক দূরত্ব মেনে চলবেন। রানি দ্বিতীয় এলিজাবেথ একা চেয়ারে বসে থাকবেন তিনিও মাস্ক পরবেন। শেষকৃত্যের সব কিছুই প্রয়াত প্রিন্স ফিলিপের ইচ্ছা অনুসারে হবে। সামরিক বাহিনীকে প্রিন্স ফিলিপের সম্পৃক্ততা এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের প্রতিফলন হবে অনুষ্ঠানে।
তবে আলোচনা চলছে প্রিন্স চার্লসের দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারির অংশগ্রহণের বিষয়টি নিয়ে। গত মাসে যুক্তরাষ্ট্রে অপরাহ উইনফ্রেকে হ্যারি ও মেগান সাক্ষাত্কার দেওয়ার পর দুই ভাইয়ের মধ্যে এখনো সাক্ষাত্ হয়নি। যে সাক্ষাত্কারে রাজপরিবারের অনেক গোপন তথ্য প্রকাশ করেন হ্যারি।
প্রিন্স চার্লস এবং তার বোন প্রিন্সেস অ্যান কফিনের পেছনের প্রথম সারিতে হাঁটবেন। দ্বিতীয় সারিতে হাঁটবেন প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ড। প্রিন্স উইলিয়াম ও তার ভাই হ্যারি থাকবেন তৃতীয় সারিতে। কিন্তু তাদের মধ্যে থাকবে প্রিন্সেস অ্যানের ছেলে পিটার ফিলিপস। সেইন্ট জর্জ চ্যাপেলের শেষকৃত্যেও দুই ভাই আলাদা থাকবেন।
শেষকৃত্য শুরুর পর স্থানীয় সময় ৩টায় দেশব্যাপী নীরবতা পালন করা হবে। শেষকৃত্য অনুষ্ঠান শেষে প্রিন্স ফিলিপের মরদেহ সেইন্ট জর্জ চ্যাপেলের রয়েল ভোল্টে সাময়িক সমাহিত করা হবে। যখন রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাবেন তখন প্রিন্স ফিলিপের কফিন উত্তোলন করা হবে এবং কিং জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে তাদের সমাহিত করা হবে। রানির মা ও প্রিন্সেস মার্গারেটকেও সেখানে সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের সবচেয়ে বেশি দিন ধরে রয়্যাল কনসোর্ট ছিলেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালে। এর পাঁচ বছর পর ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন দ্বিতীয় এলিজাবেথ। গত নভেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ তাদের ৭৩তম বিবাহবার্ষিকী পালন করেন।