শরীয়তপুরে যুবলীগ সদস্যকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর সদর উপজেলার গয়ঘর গ্রামে মো. দাদন খলিফা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল লোক। নিহত দাদন স্থানীয় শৌলপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত দাদন খলিফা শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের সেকেন্দার খলিফার ছেলে।

পুলিশ জানায়, গয়ঘর গ্রামের ইদ্রিস খাঁর সঙ্গে দাদনের বাবা সেকেন্দার খলিফার দ্বন্দ চলে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দাদন খলিফা এলাকার মসজিদে নামাজ পড়ে বের হতেই সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা ইদ্রিস খানসহ ১৫-২০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। দাদনকে স্থানীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু পথেই পোস্তগোলা এলাকায় মারা যান তিনি। দাদন খলিফার বাবা সেকেন্দার খলিফা বলেন, ইদ্রিস খাঁর নেতৃত্বে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। আমার ছেলে ২০১৪ সালে মালয়েশিয়ায় যায় কাজের জন্য। সাত বছর সেখানে থাকার পর গত ৩০ মার্চ দেশে ফিরে আসে। মাত্র কয়েক দিন হলো তার বিয়ে হয়েছে। এ সময়ই সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করল।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।