লন্ডনের বার্মিংহাম মিউজিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ৫০’ শীর্ষক অনুষ্ঠান। এর যৌথ আয়োজক ছিল বেঙ্গল ফাউন্ডেশন। দেশের বিশিষ্ট শিল্পী দিলারা বেগম জলি ও রুবাইয়াত হোসেন নির্মিত দুটি চলচ্চিত্রের ডিজিটাল স্ক্রিনিংয়ের মাধ্যমে উঠে আসে গত ৫০ বছরে নারীর অবস্থান ও নারী-স্বাধীনতার প্রেক্ষিত।
শুক্রবার অনুষ্ঠিত হয় এ আয়োজনের দ্বিতীয় পর্ব। শুক্রবার থেকে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কন্সট্রাকশন’ নামের চলচ্চিত্র বার্মিংহাম মিউজিয়ামের ইউটিউব চ্যানেলে ৪৮ ঘণ্টার স্ক্রিনিং হয়। আজ শনিবার অনুষ্ঠিত হবে ‘উইমেন’স আইডেন্টিটিজ ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ডায়াসপোরা’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেবেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লোটে হেক, চিত্রনির্মাতা রুবাইয়াত হোসেন, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক ড. দীনা সিদ্দিকী এবং বার্মিংহাম নিবাসী শিল্পী নিলুফা ইয়াসমিন।
এর আগে, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দিলারা বেগম জলি নির্মিত ‘জঠরলীনা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এটি জলির প্রথম ছবি। এতে উঠে এসেছে বৈষম্য, আঘাত এবং নারীসত্তা নিয়ে শক্তিশালী বক্তব্য। ছবির প্রধান চরিত্র রমা চৌধুরী। ?অগণিত নারীর মতো তিনিও একাত্তরে স্বাধীনতা যুদ্ধে ধর্ষণ ও নিপীড়নের শিকার হন। যুদ্ধ-পরবর্তী সমাজে সচেতনতা গড়ে তুলতে রমা চৌধুরী বিশেষ ভূমিকা পালন করেন। প্রদর্শনীর পরদিন ২৭ মার্চ জঠরলীনা নিয়ে অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দিলারা বেগম জলি, সমাজকর্মী নবনীতা চৌধুরী, নাট্য ও কলাবিষয়ক ‘কমলা কালেকটিভ’-এর সহ-প্রতিষ্ঠাতা লেখক-পরিচালক লিসা গাজী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ক্যাথারিন মাসুদ।
এই আয়োজন প্রসঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বার্মিংহাম মিউজিয়ামসের সঙ্গে যৌথ আয়োজনের মধ্য দিয়ে আমরা চলচ্চিত্র ও আলোকচিত্রে নতুন কিছু আখ্যান উপস্থাপন করতে সমর্থ হয়েছি, যা দর্শককে উদ্দীপ্ত ও অনুসন্ধিত্সু করে তুলবে এবং স্বাধীনতা, সত্তা ও আগামীর সম্ভাবনা নিয়ে নতুন এক উপলব্ধি সঞ্চার করবে।
এ প্রসঙ্গে বার্মিংহাম মিউজিয়ামস ট্রাস্টের কিউরেটোরিয়েল ও এক্সিবিশন্স ম্যানেজার রেবেকা ব্রিজম্যান বলেন, বার্মিংহামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গভীর সংযোগ রয়েছে। বার্মিংহামে বাংলাদেশি বংশোদ্ভূত উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী জনগোষ্ঠী আছেন যাদের মধ্যে অনেকেই যুদ্ধের সময় দেশের পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন।