বাংলাদেশিদের ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া। করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত নেগেটিভ সনদ নিয়েও দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর কিছু যাত্রীর টেস্ট রিপোর্ট পজিটিভ আসার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঠিক কতজন যাত্রীর সেখানে পৌঁছানোর পর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৬ জন যাত্রী সেখানে গিয়ে টেস্ট করে কোভিড পজিটিভ রিপোর্ট পেয়েছেন। এর আগে গত মার্চে অন্তত ১৭ জন যাত্রী করোনা ভাইরাসের নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশ থেকে যাত্রা শুরুর পর সিউলে গিয়ে টেস্টে পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।
নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার (১৬ এপ্রিল) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।