রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন করোনা আক্রান্ত এক ব্যক্তি হাসপাতালের ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন। তার নাম আসিফ ইকবাল (৫০)। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তিনি হাসপাতাল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, নিহত আসিফ ইকবাল তার অপর এক ভাইসহ রাজধানীর ইস্কাটনে থাকতেন। তারা দুই ভাই অবিবাহিত। তার আত্মীয়-স্বজন যুক্তরাষ্ট্র প্রবাসী। ১৫ দিন আগে তার ভাই মারা যান। এরপর তিনি করোনা আক্রান্ত হন। গত ৯ এপ্রিল তার পরিচিত এক চিকিত্সক তাকে এই হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃতদেহের সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এ কারণে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঘটনাটি তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মৃতের স্বজনদের কাউকে না পাওয়ায় তাত্ক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তার এক সত্ভাই মোহাম্মদপুরে থাকেন। তাকে ফোন করেছিল পুলিশ। তবে তিনি আসতে রাজি হননি। দেশে তার খোঁজ নেওয়ার মতো তেমন কোনো স্বজন ছিলেন না। সব মিলিয়ে আসিফ হতাশায় ভুগছিলেন বলে ধারণা পুলিশের।
মুগদা থানার দায়িত্বশীল সূত্র জানায়, সুইসাইড নোটে নিজের একাকীত্বের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন আসিফ। সে কারণেই তিনি আত্মহত্যা করছেন বলে লিখেছেন। সেইসঙ্গে স্বজনরা না এলেও কেউ না কেউ যেন তার লাশ দাফন করে বলে সাইসাইড নোটে তিনি উল্লেখ করেছেন। পুলিশ চিরকুটটি পরীক্ষা করে দেখছে যে হাতের লেখা তার কিনা।