৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা মাওলানা জুবায়ের আহমদ

২০১৩ সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে সংগঠনটির ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে। শনিবার (১৭ এপ্রিল) পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, শনিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতে মাওলানা জুবায়ের আহমদকে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি