ইত্তেফাক ডেস্ক
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত লকডাউন না মানায় বিভিন্ন স্থানে ব্যবসায়ী, দোকানদারসহ বেশ কয়েক জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে লকডাউন না মানায় পথচারী, অটোরিকশা চালক ও বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আল আমিন সরকার। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, সবজি বিক্রেতা, একজন পথচারী ও অটোরিকশা চালককে ১ হাজার ৭০০ টাকা, সিএনজি অটোরিকশা চালককে ২ হাজার টাকা ও ট্রাক্টর চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।
সদরপুর (ফরিদপুর) : উপজেলার বিভিন্ন হাটবাজার ও শপিংমলে শনিবার অভিযান চালিয়ে দোকান খোলা রাখার অপরাধে ছয় দোকান মালিককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এ অভিযান পরিচালনা করেন।
হাতিয়া (নোয়াখালী) : হাতিয়া উপজেলায় শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। সদরের ওছখালী বাজার, চৌমুহনী বাজার, সাগরিয়া বাজার ও জাহাজমারা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র এ অভিযান পরিচালনা করেন। নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার না করায় ৯ দোকানদার ও মোটরসাইকেল আরোহীকে ৬ হাজার ২০০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিকলী (কিশোরগঞ্জ) : নিকলী উপজেলার পুড্ডা বাজার এলাকায় মাস্ক না পরায় ১৯ জনকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে উপজেলার জারুইতলা ইউনিয়নের পুড্ডা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না। এ সময় তিনি বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।