জয়পুরহাটে ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় দুই জন রিমান্ডে

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে লকডাউন বাস্তবায়নের সময় দায়িত্বরত তিন ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতারকৃত দুই জনের রিমান্ড চেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুলফিকার হায়দার শুক্রবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক গোপাল চন্দ্র রায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।    জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর হোসেন জানান, রিমান্ডে নেওয়া দুই জন হচ্ছেন পৌর শহরের বুলুপাড়া মহল্লার ফকির মণ্ডলের ছেলে সানতু মণ্ডল ও  সাহেবপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন। এরা দুই জনই স্থানিয় সন্ত্রাসী গ্রুপ কাদামাটির সদস্য। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে লকডাউন বাস্তবায়নের জন্য জেলা শহরের বিআইডিসি মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সানতু মণ্ডল মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে বলায় সানতুসহ স্থানীয় কয়েক যুবক তিন ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয় এবং মারধর করে। এ ব্যাপারে পুলিশের টাউন উপপরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে সানতু মন্ডল ও চঞ্চল হোসেন হত্যা মামলার আসামি ছিল।