মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে শুক্রবার বিকালে খুকুমনি (১১) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খুকুমনি উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত গোলাম কবির খোকনের মেয়ে এবং উপজেলার পূর্ব ঘটকের আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, খুকুমনি উপজেলার কলাগাছিয়া গ্রামে তার নানা বাড়িতে বসবাস করত। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে রেখে নানি ঘরের বাইরে যান। কিছু সময় পর ফিরে এসে তিনি খুকুমনিকে ঘরের বারান্দার আড় কাঠের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ্ বলেন, খবর পেয়ে খুকুমনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।