ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাংক ‘প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্ট্রাপ্রেনিউরশিপ প্রজেক্ট (প্রাইড)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫০ কোটি ডলার বা ৪ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে। এর সিংহভাগ ৪৬ কোটি ৭৫ লাখ ডলার (৯৩ দশমিক ৪০ শতাংশ) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে। এ উপলক্ষ্যে বিশ্বব্যাংক ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন এবং বেজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী চুক্তিতে সই করেন। বেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৭ কোটি টাকা। প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে ৩ হাজার ৯৬৭ কোটি ৪৬ লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৩৭৯ কোটি ৭৪ লাখ টাকা।
প্রকল্পটির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জোন-২এ ও জোন-২বি এবং পারিপার্শ্বিক অন্যান্য জোনে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করা হবে। অভ্যন্তরের সড়ক ও সংযোগ সড়ক মিলিয়ে মোট ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রকল্পটির আওতায়। তাছাড়া ৩১ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্কের প্রস্তাব করা হয়েছে। প্রায় ৯৯০ একর ভূমি উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ইনভেস্টর ক্লাব ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার নির্মাণ করা হচ্ছে। এছাড়া চারটি বৈদ্যুতিক উপকেন্দ্র এবং ২০ কিলোমিটার সরবরাহ লাইন, ২৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপন, ২৮ কিলোমিটার গ্যাস পাইপলাইন, ৪০ কিলোমিটার দীর্ঘ পানির পাইপলাইন, প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের সীমানাপ্রাচীরসহ নানা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধু শিল্পনগরে ১২টি শিল্প স্থাপনের কাজ চলমান রয়েছে এবং এ বছরের মধ্যে অন্তত ছয়টি শিল্প উত্পাদন শুরু করবে বলে আশা করছে বেজা। ইতিমধ্যে এই শিল্পনগরের জন্য প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার সমপরিমাণ বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে, যার মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩৬ কোটি ডলার।