হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম ও বালিয়া ইউনিয়নের টেটাইল এলাকায় বাগানের ভেতরে এবং লোকালয়ে কয়লা বানানোর অনেকগুলো চুল্লি গড়ে উঠেছে। চুল্লিগুলোতে রাত-দিন কাঠ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে। উত্পাদিত কয়লা যাচ্ছে বিভিন্ন স্থানে। স্বর্ণালংকার তৈরি করতে এবং ব্যাটারির কারখানায় এ সব কয়লা ব্যবহার হয়ে থাকে বলে জানায় এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, বংশী নদীর দুই পাড়ে লেবু বাগান এলাকায় কয়লার চুল্লি জ্বলছে। চুল্লি থেকে নির্গত ধুয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে লেবু বাগানসহ গাছপালা, মানুষ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী জানায়, উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন চেষ্টা করেও এ সব চুল্লি বন্ধ করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, বিষয়টি তার জানা নেই। তবে এ ধরনের চুল্লি কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর বলে স্বীকার করেন তিনি। ঘটনা সত্য হয়ে থাকলে তা মোবাইল কোর্টের আওতায় এনে বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন ঐ কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক জানান, বিষয়টি তার জানা নেই। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।