সাভারে ছাঁটাই বন্ধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ইত্তেফাক রিপোর্ট

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং  তাদের  বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত অ্যাপারেলস ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস)  কারখানার  সামনে ঐ কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা এ  বিক্ষোভ কমৃসূচি পালন করেন। আয়োজিত মানববন্ধন থেকে বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করে আসছে। হঠাত্ করে গত ৯ মার্চ কারখানা কর্তৃপক্ষ কোন ধরনের নোটিশ ছাড়াই বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করে প্রায় ৫০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। এ সময় জোরপূর্বক তাদের আইডি কার্ডও রেখে দেয় কারখানা কর্তৃৃপক্ষ।

চাকরিচ্যুত শ্রমিক ময়না আক্তার বলেন, ‘পবিত্র রমজান ও ঈদের আগে  কোন ধরনের নোটিশ ছাড়াই কারখানা থেকে আমাদেরকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় আমাদের চাকরিতে পুনর্বহাল না করলে রমজান ও ঈদের মধ্যে পরিবার নিয়ে কোথায় যাবো। বিনা কারণে চাকরিচ্যুত করায় আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। তাই অনতি বিলম্বে চাকরিতে পুনর্বহালসহ বকেয়া বেতনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। ’

ভুক্তভোগী অপর শ্রমিক শিউলি বেগম বলেন, ‘করোনা মহামারির মধ্যে এমনিতেই অনেক কারখানায় বন্ধ হয়ে গেছে। এ সময় কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করায় চরম অনিশ্চয়তা ও হতাশায় রয়েছি। ঈদের আগে এমন অমানবিক সিদ্ধান্ত আমাদের অনেক কষ্ট দিয়েছে। আমরা এই মুহূর্তে কোথাও চাকরিও পাবো না। ’এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।