বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ন দেওয়ান ও আনারশ প্রতীকের প্রার্থী মো. আনিচুর রহমান হাওলাদারের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার ভ্যারনতলা বাজারে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে আনারশ প্রতীকের কর্মী মো. কাদের (৩৮) ভ্যারনতলা বাজারে যান। ঐ সময় ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সোহেব ও তার ভাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনের নেতৃত্বে ৫-৭ জন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা মো. কাদেরকে মারধর করেন। একপর্যায়ে আত্মরক্ষার জন্য মো. কাদের দৌড়ে গিয়ে ঐ বাজারের রিয়াজের মুদি দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে টেনেহিঁচরে বাইরে নামিয়ে দ্বিতীয় দফা মারধর করা হয় এবং ঐ দোকানের ভিতরে নিয়ে বাহির থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ খবর পেয়ে মো. কাদেরের স্ত্রী রেখসোনা বেগম (২৫) ঘটনাস্থলে আসলে তাকেও মারধর করা হয়। হাতে কামড় দেয় এবং পরনের কাপড় টেনেহিঁচরে ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায়। একপর্যায়ে তাকেও রিয়াজের দোকানের ভিতরে ডুকিয়ে বাইর থেকে তালা লাগিয়ে দেয়।
এ খবর পেয়ে আনারশ প্রতীকের ৭-৮ জন কর্মী সমর্থক মো. কাদের ও তার স্ত্রী রোকসানা বেগমকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেব, হারুন, আল আমিন, হারুন, হাসান, আফজালসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
আহতদের মধ্যে সোহেব ও হারুনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং রোকসানা বেগমকে ধুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।