ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার ১

ফকিরহাটে স্কুলছাত্রীর কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে স্কুল ছাত্রীর কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অনিক বসু (২০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। অনিক বসু মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে। প্রেমের সম্পর্কের সূত্রধরে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খাইরুল আনাম।

মামলার বিবরণে জানা যায়, সোনাখালী গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে আসামি অনিক বসুর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের খাতিরে সরল বিশ্বাসে ঐ স্কুলছাত্রী তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড প্রেমিক অনিক বসুকে দিয়ে দেন। একসময়ে সম্পর্কের অবনতি ঘটলে আসামি অনিক বসু তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন রকম অশ্লীল পোস্ট করে ঐ স্কুলছাত্রী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করে।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নূর আলম জানান, ঐ স্কুলছাত্রী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (পর্নোগ্রাফি) মামলা দায়ের করেন। আমারা আসামি আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।