হতদরিদ্রদের উপহার সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম অফিস

কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম নগরীর হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত ১ হাজার প্যাকেট উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও জিমনেশিয়াম হলে প্রধান               অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও ১টি সাবান। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী প্রমুখ।