ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাতেগোনা যে কয়টি রেস্টুরেন্ট ছিল তার মধ্যে অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল প্রভিন্সিয়াল রেস্টুরেন্ট। দেশের ক্রীড়াঙ্গনের এমন কেউ নেই যার পা পড়েনি এই রেস্টুরেন্টে। দেশের খ্যাতনামা ক্রীড়াবিদ, কোচ, সংগঠক তত্কালীন ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম) গেলে একবার হলেও প্রভিন্সিয়ালে ঢুঁ মারা চাই তাদের। কাছেই আওয়ামী লীগ অফিসসহ তখনকার সময়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউর একাধিক রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রভিন্সিয়াল রেস্টুরেন্টে যাওয়া-আসা, খাওয়া-দাওয়া করাটা ছিল নিত্যদিনের অভ্যাস। প্রভিন্সিয়ালে বসলে আড্ডাবাজরা পছন্দের খাবারের পাশাপাশি আদর-স্নেহ ভালোবাসাটাও পেতেন এই রেস্টুরেন্টের মালিক বন্ধুবত্সল সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদের কাছে। অনেকের সেই প্রিয়মুখ আশরাফ ভাই আর নেই। গতকাল দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ (৯০)। বার্ধক্যজনিত সমস্যা ছিল, কিডনি রোগে ভুগছিলেন তিনি। ৯৬ সালে রেস্টুরেন্ট ব্যবসা ছেড়ে দিয়েছেন সমাজসেবক সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ অবসর জীবন বেছে নিয়েছিলেন। চার ছেলে এক কন্যা রেখে গেছেন। আসরের নামাজের পর রাজধানীর গোপীবাগ কবরস্থানে আশরাফ উদ্দিনকে দাফন করা হয়। তার পুত্র সৈয়দ আল-আমিন আহমেদ সবার কাছে দোয়া চেয়েছেন।