বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায় :তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘মুজিবনগর সরকারের অধীনে মাসে ৪০০ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়।’ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

‘আজ (গতকাল) বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের এইদিনে তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার              আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে ৪০০ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।’ ড. হাছান বলেন, ‘আজকে স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।’