সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার প্রত্যয়

মুজিবনগর সরকার তথা স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়া এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সমুন্নত রেখে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গিকারের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজধানীসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দেশের প্রথম সরকারের শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঐতিহাসিক এ দিনটি স্মরণে রাজধানী ঢাকার পাশাপাশি স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্রকাননেও জাতীয়ভাবে পালিত হয় নানা কর্মসূচি। দিবসটি পালনে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার ঢল নামে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে গতকাল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বর্তমান করোনা পরিস্থিতিতে দিবসটি উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এরপরে আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ। এছাড়া মুজিবনগরের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপির নেতৃত্বে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত পরিসরে স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।