তাড়াইলে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

তাড়াইলে রিফাত ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বাড়ির পাশের একটি ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রিফাত উপজেলার চর তালজাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি দুলাল মিয়ার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে তারাবি নামাজ শেষে রিফাত সত্ মাকে বলে বাড়ির পাশের একটি দোকানে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন গতকাল শনিবার সকালে বাড়ির পাশে একটি ঝোঁপের ভেতর রিফাতের লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।  তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, রিফাতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রিফাতের মায়ের সঙ্গে তার বাবার বনিবনা না হওয়ায় তার মা অন্যত্র থাকে। হত্যারহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে ওসি জানান।