লালমনিরহাটে সাংবাদিককে নির্যাতন ও মামলা দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। বিজিবি কর্তৃক জনকণ্ঠ ও বাসসের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের প্রতিবাদ, মাদক মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে জেলার মিশন মোড় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমান আলতাফ, আহমেদুর রহমান মুকুল, আব্দুর রব সুজন, আবু হাসনাত রানা, হাসান উল আজিজ, আনোয়ার হোসেন স্বপনসহ সব সাংবাদিক অংশ নেন। দায়ী জেলা সদরের কুলাঘাট বিশেষ বিজিবি ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।