থানায় সালিশ শেষে উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘুসিতে মৃত বৃদ্ধ কৃষক ইসরাফিল হোসেনের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে গতকাল শনিবার। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ায় সেখানে বিপুলসংখ্যক উত্সুক মানুষ জড়ো হয়। বিকাল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে লাশটি গ্রামের বাড়ি এসে পৌঁছায়। সেখানে তার দাফন সম্পন্ন হয়। এসময় বার বার মূর্ছা যাচ্ছিলেন বৃদ্ধের স্ত্রী ও তার ছেলেমেয়েরা। এসময় দোষীদের বিচার ও কঠোর সাজা দাবি করে এলাকাবাসী।
এদিকে পুলিশ জানিয়েছে, ইসরাফিল হোসেন হত্যা মামলায় অভিযুক্ত দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আবু তালেবকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। আলামিন হক নামে নিহতের এক স্বজন শনিবার সাংবাদিকদের বলেন, পাঁচ কাঠা জমি নিয়ে বিরোধ হয়েছিল প্রতিপক্ষের সঙ্গে। উভয় পক্ষই দামুড়হুদা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনা মীমাংসার জন্য থানার ওসি সবাইকে হাজির হওয়ার নির্দেশ দেন। শুক্রবার নামাজের পর উভয়পক্ষই হাজির হয়ে কাগজপত্র জমা দেওয়ার পর আলোচনা শুরু হয়।