চট্টগ্রামে সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার আফজালনগর এলাকায় গতকাল শনিবার একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় গাড়ির চালক আবুল হোসেন (৩২) ও হেলপার মানিক মিয়াকে (২৯) গ্রেফতার করা হয়।

র্যাব ৭-এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি করা হয়। এসময় ট্রাকের চালকের সিটের পিছন থেকে চারটি টেপ মোড়ানো বড় প্যাকেটে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। গ্রেফতার চালক ও হেলপারের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।